ফ্রান্সে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- Update Time : 05:02:41 am, Tuesday, 24 November 2026
- / 8 Time View
ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। এতে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশিসহ শতাধিক অতিথি অংশ নেন।
সোমাবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় প্যারিসের একটি হলে তা অনুষ্ঠিত হয়।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খাইরুজ্জামান মোল্লা অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন।
তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ও উল্লেখযোগ্য উন্নয়ন, দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাহিনীর বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। একই সঙ্গে ফ্রান্সসহ বন্ধুপ্রতিম দেশগুলোর সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশের বাহিনীর সুসম্পর্ক, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোকপাত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ, স্বাধীনতার পর বাহিনী গঠন ও বিকাশ এবং দেশে-বিদেশে বাহিনীর উল্লেখযোগ্য কর্মকাণ্ড নিয়ে একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী সময়ে দেশমাতৃকার সেবা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি বিশেষ গৌরবময় দিন।
মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ফ্রান্সে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি লেখক, অভিযাত্রী, প্রতিরোধযোদ্ধা, রাজনীতিক ও সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সব শহীদ এবং সশস্ত্র বাহিনীর সাহসী সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রদূত ২০২৪ সালের ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত ‘জুলাই বিপ্লবে’ জীবন উৎসর্গকারীদের প্রতিও শ্রদ্ধা জানান।
ওই আন্দোলন এবং পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এ আন্দোলনে সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে প্রচলিত ও অপ্রচলিত সব ধরনের হুমকি মোকাবিলায় সুপ্রশিক্ষিত, সুসজ্জিত ও প্রযুক্তিগতভাবে উন্নত বাহিনী হিসেবে গড়ে তুলতে ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় চলমান আধুনিকায়ন কর্মসূচির বিষয়েও বক্তব্যে আলোকপাত করেন রাষ্ট্রদূত।
এ ছাড়া সর্বজনীন শিক্ষা বিস্তারে সশস্ত্র বাহিনীর সহযোগিতা, বিদ্যালয় প্রতিষ্ঠা এবং বিজ্ঞান, প্রযুক্তি, কৌশল ও এসটিইএম বিষয়ে অধ্যয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরেন তিনি। জাতীয় ও ইউনেসকো স্বীকৃত ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারেও সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।









