আশুলিয়ায় আবারো শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ , ৫০ কারখানা ছুটি
- Update Time : 08:47:32 am, Saturday, 21 November 2026
- / 31 Time View
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তা অবরোধ করার চেষ্টাকালে সাভারের আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এদিকে শ্রমিক বিক্ষোভের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় এখন পর্যন্ত ৫০টি তৈরি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

এছাড়া বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য ১১ টি তৈরি পোশাক কারখানা। অপরদিকে সাভারে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এঘটনায় শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে বারবার শ্রমিক অসন্তোষের ঘটনায় শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে পোশাক রপ্তানি ও শিল্পের স্বাভাবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।
এ ব্যাপারে শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
এসকাগজ/আরডি
















