কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় চার কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
- Update Time : 06:36:54 am, Saturday, 21 November 2026
- / 48 Time View
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩ কেজি ৯৪৯ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার ভোরে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. ইব্রাহীম হোসেন (২৫)। তিনি দৌলতপুর থানার প্রাগপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকুরিয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ও মোসা. জোসনা খাতুনের ছেলে।
এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এসআরবির একটি আভিযানিক দল আজ শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকুরিয়া গ্রামের সরদার পাড়া বাজারে অভিযান চালায়। এ সময় জনৈক মামুন ফয়সালের ফার্নিচারের দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর থেকে ৩.৯৪৯ কেজি গাঁজাসহ ইব্রাহীম হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ নির্মূলে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তবর্তী দৌলতপুর এলাকায় মাদক পাচার ও কারবার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসকাগজ/আরডি
















