দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- Update Time : 08:00:25 am, Sunday, 11 October 2026
- / 8 Time View
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর করা হয়েছে। এরপর মরদেহ ঢাকায় জানাজা শেষে চট্টগ্রামের বাড়িতে নেওয়া হবে।
রবিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মরদেহ আনা হয়েছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান। রোটনের স্ত্রী আরেফা সুলতানা বেনাপোলে মরদেহটি গ্রহণ করেন।
আরেফা সুলতানা বলেন, রোটনের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর জানাজা শেষে চট্টগ্রামের রাউজানের বাড়ি নেওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।
প্রসঙ্গত, এর আগে শনিবার সকাল ৭টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়। রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন তিনি। ছাত্রলীগের পর রোটন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন।
২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হন তিনি।









