অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা
- Update Time : 08:47:35 am, Wednesday, 30 September 2026
- / 8 Time View
ফুটবল ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ওলিভিয়ার জিরুদ। ৪০ ছুঁই ছুঁই বয়সে দাঁড়িয়ে ইঙ্গিত দিলেন বুট জোড়া তুলে রাখার।
ফ্রান্সের জার্সিতে একসময় সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছিল তারই দখলে। তবে সম্প্রতি তাকে পেছনে ফেলে সেই চূড়ায় নাম লেখান আরেক ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বয়স আর ক্যারিয়ারের হিসেব চুকিয়ে অবসরের ইঙ্গিত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে জিরুদ বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার মনে হয়, খুব সম্ভবত এটিই আমার শেষ মৌসুম হতে যাচ্ছে।’
ক্যারিয়ারের শেষ মুহূর্তগুলো মাঠেই দারুণভাবে উপভোগ করছেন জানিয়ে ফরাসি এই তারকা আরো বলেন, ‘আর এ কারণেই আমি এখন প্রতিটা মুহূর্ত পুরোপুরি উপভোগ করার চেষ্টা করছি।
ফ্রান্স জাতীয় দলের হয়ে জিরুদের ঝুলিতে রয়েছে ঈর্ষণীয় সাফল্য। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপাজয়ী দলের অন্যতম মূল কারিগর ছিলেন এই ফরোয়ার্ড। ফরাসিদের হয়ে ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে মোট ৫৭টি গোল করেছেন তিনি। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে থিয়েরি অঁরিকে টপকে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন জিরুদ, যা সম্প্রতি নিজের করে নিয়েছেন এমবাপ্পে।
শুধু জাতীয় দলই নয়, ক্লাব ফুটবলেও সাফল্যমণ্ডিত ক্যারিয়ার কাটিয়েছেন জিরুদ। ফরাসি ক্লাব মন্টপেলিয়ে এবং ইতালিয়ান পরাশক্তি এসি মিলানের হয়ে জিতেছেন লিগ শিরোপা। তবে ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বড় ট্রফি উঁচিয়ে ধরেন ২০২১ সালে। ইংলিশ ক্লাব চেলসির হয়ে জেতেন ইউরোপ সেরা হওয়ার ট্রফি ‘চ্যাম্পিয়নস লিগ’। এ ছাড়া আর্সেনালের হয়ে তিনবারসহ ক্যারিয়ারে মোট চারবার ঐতিহ্যবাহী এফএ কাপের শিরোপাও উঁচিয়ে ধরেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।








