রাস্তার পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ, চিরকুট উদ্ধার
- Update Time : 10:17:06 am, Wednesday, 30 September 2026
- / 3 Time View
পঞ্চগড়ে রেজাউল করিম রেজা (৪০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের তুলারডাঙ্গা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় বাড়ি করে তিন ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকতেন। পাশাপাশি পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটার কম্পোজের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
রেজার স্ত্রী কোহিনুর বেগম বলেন, প্রতিদিন ঘুমের ওষুধ খেয়ে বাড়ি আসত রেজা। গতকালও খেয়ে এসে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করলে আমার সঙ্গে ঝগড়া হয়। রাত ১২টায় বাড়ি থেকে বের হয়ে যায় সে।
তারপর সকালে শুনতে পাই তার মরদেহ পাওয়া গেছে। আমরা গিয়ে মরদেহ শনাক্ত করি। কিভাবে সে মারা গেছে আমরা জানি না।
রেজার বাবা মোস্তফা কামাল বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি তদন্ত করে এর বিচার চাই।
পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম বলেন, ওই ব্যক্তির মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য কাজ করছে পুলিশ। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা একটা চিরকুটও পেয়েছি। মৃত্যুর রহস্য উন্মোচনের পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।