পাসযোগ্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকরা শাস্তি পাবেন
- Update Time : 08:02:13 am, Monday, 28 September 2026
- / 13 Time View
এসএসসি ও সমমনা পরীক্ষায় ফেল করা অনেক শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণে পাস করেছে। এসব শিক্ষার্থীর খাতা দেখা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘খাতা পুনর্মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়ার দুর্বলতাগুলো চিহ্নিত করা হচ্ছে। খাতা দেখায় অবহেলার কারণে এটা ঘটেছে বলে মনে করছি। যারা পাস করার মতো যোগ্য শিক্ষার্থীদের ফেল করিয়েছেন, সেসব শিক্ষককে খুঁজে বের করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খাতা মূল্যায়নে শিক্ষকদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী জানান, খাতা পুনর্মূল্যায়নের পর ২৭ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। মোট ৫৬ হাজার ২৫৯টি নম্বরে পরিবর্তন এসেছে।
ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন। এ ছাড়া ৩ হাজার ৭৯ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
শিক্ষকদের বদলির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনটিআরসিএতেও অনলাইনে বদলির ব্যবস্থা করা হচ্ছে। তবে যেসব শিক্ষককে রিপ্লেসমেন্ট করতে হবে এবং যারা অ্যাটাচমেন্টে রয়েছেন, সেসব বিষয়ও সেটেল করতে হবে। বদলির ফাইল নিয়ে এনটিআরসিএ কাজ করছে।
শিগগিরই এ প্রক্রিয়া শুরু করতে পারব।
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হতো। এ বছর প্রথমবারের মতো এ সংখ্যা বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষককে এ সম্মাননার আওতায় আনা হবে।









