আমার একটাই ছেলে আমি এখন কেমনে বাঁচব
- Update Time : 01:13:11 pm, Saturday, 19 September 2026
- / 41 Time View
‘আমার এইটুকু একটা ছেলে, ওর কি অন্যায় ছিল। এটা কোন দেশে বসবাস করছি আমরা, এটা কেমন দেশ।
আমার একটাই ছেলে, আমি এখন কেমনে বাঁচব?’
এভাবেই ছেলে অপ্রতিমকে (১৩) হারানোর শোকে আহাজারি করছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সালমানপুর এলাকার সানন্দা লালমাই পাহাড়ের পশ্চিমপাড়া এলাকা থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের দামি মোবাইল নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয়। ওই দিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আমরা কিছু ক্লু পেয়েছি। হত্যার পেছনের কারণ শুধু আইফোন নাকি অন্য কোনো কারণ রয়েছে, আমরা তা খতিয়ে দেখছি।
তিনি বলেন, এখন পর্যন্ত সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আমাদের টিম হত্যাকাণ্ডে যারা যুক্ত তাদের আইনের আওতায় আনতে কাজ করছে।









