প্রধানমন্ত্রীর উদ্যোগ, শাহবাগে ফুটপাতে থাকা গোলাপি বেগম পেলেন নিজের ঘর
- Update Time : 12:27:03 pm, Friday, 18 September 2026
- / 1 Time View
রাজধানীর শাহবাগের ফুটপাতে অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম উঠেছেন নিজের নতুন ঘরে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে তার জন্য নির্মিত ঘরটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ২০২৫ সালে ছাত্রদলের একটি সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তিনি মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় এক বছর তার চিকিৎসার পাশাপাশি ঢাকার একটি বাসায় থাকার ব্যবস্থা করা হয়।
পরে তার স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নতুন বাড়ি নির্মাণের নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে নবীনগরের রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন ঘর নির্মাণ করা হয়। শুক্রবার প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় গোলাপি বেগমকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা জানান, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।





