রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে ভারতে
- Update Time : 01:02:30 pm, Wednesday, 16 September 2026
- / 5 Time View
রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রেখে মার্কিন কংগ্রেসে উত্থাপিত আইনটি ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন চাপ তৈরি করতে পারে। রুশ জ্বালানির অন্যতম বড় ক্রেতা ভারত এই আইনের আওতায় পড়তে পারে বলে জানায় জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
এর আগে গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ বিলটি ২১৪-২১১ ভোটে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়াগত ধাপ পার হয়েছে। বুধবার প্রতিনিধি পরিষদে বিলটির চূড়ান্ত ভোট হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হতে পারে।
প্রস্তাবিত আইনটিতে রাশিয়ার নেতৃত্ব, জ্বালানি ও প্রতিরক্ষা খাত এবং নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সহায়তার অভিযোগ থাকা ‘ছায়া বহর’-এর ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত শুল্কের লক্ষ্য রুশ জ্বালানি কিনতে থাকা দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে মস্কোর ওপর চাপ সৃষ্টি করা। কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল আমদানির কারণে দিল্লি-মস্কো সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। বিপরীতে, রুশ তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
গত বছরের আগস্টে রুশ তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন।
এর সঙ্গে আগে থেকেই ২৫ শতাংশ পাল্টা শুল্ক ছিল। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-সংক্রান্ত অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হয় এবং একটি মার্কিন-ভারত বাণিজ্য কাঠামোর আওতায় পাল্টা শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়।
তবে দুই দেশের মধ্যে প্রস্তাবিত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি এখনো ঝুলে আছে এবং এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।



