ট্রাক্টরের রড ঢুকে বাসচালক নিহত, আহত ১০ যাত্রী
- Update Time : 02:07:07 pm, Wednesday, 9 September 2026
- / 3 Time View
ভারতের কর্ণাটকের মান্ড্যা জেলায় লোহার রড বহনকারী একটি ট্রাক্টরের সঙ্গে বাসের সংঘর্ষে বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।
তাদের মধ্যে আটজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, নাগামাঙ্গালা তালুকের ভারাহাসান্দ্রা গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (কেএসআরটিসি) একটি বাস পেছন থেকে লোহার রডবোঝাই ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা লোহার রড ও বারগুলো বাসের ভেতরে ঢুকে যায়।
দুর্ঘটনায় বাসচালক শেখর ঘটনাস্থলেই নিহত হন। তিনি কর্ণাটকের হাসান জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, লোহার রড তার শরীর ভেদ করে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে আহত যাত্রীদের বেল্লুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা গেছে, বাসের সামনের অংশে একাধিক লোহার রড ঢুকে গেছে এবং সামনের কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। দুর্ঘটনায় ট্রাক্টরের সামনের অংশও উল্টে যায়।