অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত
- Update Time : 03:44:31 am, Tuesday, 8 September 2026
- / 6 Time View
ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নিয়ে যাওয়া ৩৯ জন মানুষের দেহাবশেষ উত্তর-পূর্ব ভারতের নাগা সম্প্রদায়ের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। সোমবার (৭ সেপ্টেম্বর) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিট রিভার্স মিউজিয়াম এই তথ্য নিশ্চিত করেছে।
‘ফোরাম ফর নাগা রিকনসিলিয়েশন’ (এফএনআর)-এর আবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।
বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ প্রশাসকরা নাগা অঞ্চল থেকে এসব মানব দেহাবশেষ সংগ্রহ করেছিলেন, যার কিছু অংশ ২০২০ সাল পর্যন্ত জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা ছিল। অক্সফোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৪০টি অবশেষের আবেদনের মধ্যে ৩৯টি নাগা সম্প্রদায়ের বলে চিহ্নিত হয়েছে এবং তা ফেরতের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে হস্তান্তরের চূড়ান্ত তারিখ নির্ধারণে নাগা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে।
নাগা সংগঠনগুলো এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, এটি শুধু হাড় বা অবশেষের প্রত্যাবাসন নয়, বরং ইতিহাস ও স্মৃতির নিজ ভূমিতে ফিরে আসা। সাম্প্রতিক বছরগুলোতে ঔপনিবেশিক আমলে লুটের মাধ্যমে সংগৃহীত প্রত্নবস্তু ও মানব অবশেষ নিজ নিজ দেশে ফেরত দেওয়ার যে আন্তর্জাতিক উদ্যোগ শুরু হয়েছে, অক্সফোর্ডের এই সিদ্ধান্ত তারই একটি অংশ।