১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার
- Update Time : 04:48:56 pm, Monday, 7 September 2026
- / 4 Time View
বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে।
এর মাধ্যমে নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকদের ডেনমার্কে কাজের সুযোগ দিতে পারবেন যোগ্যতাসম্পন্ন নিয়োগকর্তারা। খবর এনডিটিভি
অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ফ্র্যাগোমেনের তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থাটি বিদেশি কর্মী নিয়োগে ডেনিশ প্রতিষ্ঠানগুলোর সুযোগ আরো বাড়াবে। চীন, জাপান, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মলদোভা, মন্টেনেগ্রো, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়ার নাগরিকরা এই ব্যবস্থার আওতায় আসতে পারেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেনের নাগরিকরাও এই কর্মসংস্থান ব্যবস্থার আওতায় থাকবেন।
তালিকায় রয়েছে আলবেনিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও কানাডার নামও। এসব দেশের দক্ষ কর্মীদের জন্য ডেনমার্কে চাকরি ও ক্যারিয়ার গড়ার নতুন সুযোগ তৈরি হতে পারে।
নতুন এই অভিবাসন পথ ডেনমার্কের সব নিয়োগকর্তার জন্য উন্মুক্ত থাকবে না। বিদেশি কর্মী নিয়োগ করতে হলে প্রতিষ্ঠানকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
প্রথমত, প্রতিষ্ঠানটিকে প্রাসঙ্গিক কোনো যৌথ শ্রমচুক্তির আওতায় থাকতে হবে। এ ছাড়া প্রতিষ্ঠানটির অন্তত দুই বছর ধরে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। ডেনমার্কে ওই প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ জন পূর্ণকালীন কর্মীও থাকতে হবে।
শর্ত পূরণকারী নিয়োগকর্তাদের ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে। এরপর তারা নির্ধারিত শর্ত পূরণের একটি সনদ পাবেন।
সনদ পাওয়ার পরই নতুন ব্যবস্থার আওতায় বিদেশি কর্মী নিয়োগ করা যাবে।
নতুন ব্যবস্থায় নিয়োগ পাওয়া বিদেশি কর্মীদের ন্যূনতম বার্ষিক বেতন ৩ লাখ ২২ হাজার ড্যানিশ ক্রোনার হতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬১ লাখ ৪৮ হাজার টাকা।
