চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচের আগে ইনজুরি হানা রিয়াল শিবিরে
- Update Time : 02:35:35 pm, Saturday, 5 September 2026
- / 6 Time View
চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। দলের রক্ষণভাগের অন্যতম ভরসা লেফটব্যাক মার্ক কুকুরেয়া ইনজুরিতে পড়ায় ইন্টার মিলানের বিপক্ষে আসন্ন ম্যাচটি নিয়ে চরম উদ্বেগে রয়েছে লস ব্লাঙ্কোসরা।
আগামী মঙ্গলবার ইতালিয়ান জায়ান্টের মুখোমুখি হবে রিয়াল।
গতকাল রিয়াল বেতিসের সঙ্গে হারের ম্যাচে শেষ মুহূর্তে মাংসপেশির টানের কারণে মাঠ ছাড়েন এই বিশ্বকাপজয়ী তারকা। আলভারো কারেরাসকে টপকে রক্ষণে নিজের অবস্থান পোক্ত করছিলেন কুকুরেয়া।
বেতিসের বিপক্ষে ম্যাচের শেষ দিকে তাঁকে তুলে নেওয়ার ব্যাপারে মরিনিয়ো জানান, এটি কেবলই শারীরিক ক্লান্তি ও ক্র্যাম্পের কারণে নেওয়া সতর্কতামূলক পদক্ষেপ ছিল।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, সমস্যা গুরুত না হলেও ম্যাচ দুটির মাঝে মাত্র দুই দিনের বিরতি থাকায় মঙ্গলবারের মধ্যে তাঁর পুরোপুরি সুস্থ হয়ে ওঠা বেশ কঠিন।
কুকুরেয়া ছাড়াও আগে থেকেই রিয়ালের চোটের তালিকা বেশ লম্বা। অরেলিয়াঁ চুয়ামেনি, এদের মিলিতাও, রদ্রিগো, ফেরলান্ড মেন্ডি ও তরুণ এনদ্রিক চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। যদিও চুয়ামেনি কিংবা রদ্রিগোর মধ্যে একজনকে পাওয়ার ব্যাপারে কিছুটা আশাবাদী কোচিং স্টাফ।
কার্ডজনিত নিষেধাজ্ঞায় আটকে আছেন আর্দা গুলার, বের্নার্দো সিলভা ও এদুয়ার্দো কামাভিঙ্গা।
চোট আর নিষেধাজ্ঞার থাবায় দলের একাধিক পজিশন নিয়ে কিছু সঙ্কটে মরিনিয়ো। রোববারের অনুশীলনে কুকুরেয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার কথা। তিনি সময়মতো সুস্থ হতে না পারলে ইন্টার মিলানের বিপক্ষে শুরুর একাদশে কারেরাসকেই নামাতে পারেন রিয়াল বস।
