নতুন থেকে ব্যবহৃত গাড়ি, আইসিসিবিতে মিলবে একসঙ্গে
- Update Time : 03:49:25 am, Saturday, 5 September 2026
- / 8 Time View
জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন করা হয়েছে ‘সুপারসেল কারবাজার’। উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে চালু হওয়া এই বাজারে এক জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি কেনাবেচার সুযোগ পাবেন ক্রেতা ও বিক্রেতারা।
গতকাল প্রধান অতিথি হিসেবে কারবাজারটির উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) মহাসচিব রিয়াজ রহমান, উইজার্ড শোবিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান রাসেল এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন।
এ ছাড়া দেশের অটোমোবাইল খাতের ব্যবসায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, গাড়ি ও বাইকিং কমিউনিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত যানবাহন এক জায়গায় দেখার ও যাচাই করার সুযোগের পাশাপাশি সহজ ফাইন্যান্সিং সুবিধা দেওয়ার মাধ্যমে ‘সুপারসেল কারবাজার’ ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি স্বচ্ছ ও সুবিধাজনক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।
আয়োজকদের ভাষ্য, আধুনিক ও নিরাপদ পরিবেশে গাড়ি কেনাবেচার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে গাড়ির মালিক ও সম্ভাব্য ক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হলে দেশের অটোমোবাইল বাজার আরও গতিশীল হবে।
কারবাজারটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, গাড়ি কেনার পাশাপাশি ক্রেতারা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। অটো লোন, গাড়ি ফাইন্যান্সিংসহ বিভিন্ন আর্থিক সুবিধা সম্পর্কে তাঁরা জানতে পারবেন। এতে গাড়ি কেনার প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করছেন আয়োজকেরা।
প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য। অন্যদিকে গাড়ি বিক্রি করতে আগ্রহী মালিকেরা সম্ভাব্য ক্রেতাদের সামনে তাঁদের গাড়ি উপস্থাপন করতে পারবেন।
আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত আয়োজনের মাধ্যমে ‘সুপারসেল কারবাজার’ রাজধানীর গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি পরিচিত ও জনপ্রিয় অটোমোবাইল মার্কেটপ্লেস হয়ে উঠবে।