ছাত্রদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষকের নামে মামলা
- Update Time : 06:46:24 am, Thursday, 3 September 2026
- / 3 Time View
নরসিংদীর মাধবদীতে পরীক্ষকের দায়িত্বে থেকে নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে ছাত্রদের দিয়ে এইচএসসির (আলিম) উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে মো. নাসির উদ্দিন নামের এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের যাবতীয় পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে তাকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন।
অভিযুক্ত মো. নাসির উদ্দিন মাধবদী থানার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষক নিজে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন না করে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায় গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক মো. নাসির উদ্দিন আলিম ২০২৬ সালের ইসলামের ইতিহাস বিষয়ের উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে তার ছাত্রদের দিয়ে মূল্যায়ন করেছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল খায়ের অভিযুক্ত মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মাধবদী থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর অধীনে মামলা করেন।
এ ছাড়া উত্তরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে মো. নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাশাপাশি বোর্ডের যাবতীয় পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে তাকে আজীবন দায়িত্ব পালনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘মাদরাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমাদের কাছে এঘটনার একটি ভিডিও আছে। আমরা যাচাই বাছাই ও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
