ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন নাসের রহমান
- Update Time : 06:42:38 am, Thursday, 3 September 2026
- / 3 Time View
জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত এ স্থায়ী কমিটি গঠন করা হয়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংসদে প্রস্তাব উত্থাপনকালে চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, “সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মো. নূরুল ইসলাম (১১০, বরগুনা-২), বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত সংসদ-সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হোক।”
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন—ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ।
জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলো মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রম পর্যালোচনা এবং সংসদের কাছে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা, ভূমিসংক্রান্ত নীতি ও প্রশাসনিক কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংসদীয় নজরদারি ও পর্যালোচনার সুযোগ রয়েছে এই কমিটির।