দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
- Update Time : 01:52:05 pm, Tuesday, 1 September 2026
- / 44 Time View
দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন।
মার্কিন রাষ্ট্রদূত তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষদিন সৈয়দপুর রেলওয়ে কারখানাসহ সেখানকার বিভিন্ন ঐতিহ্যবাহী ও প্রাচীনতম স্থাপনা এবং স্থানসমূহ পরিদর্শন করেন।
পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী মার্কিন রাষ্ট্রদূত সৈয়দপুর রেলওয়ে কারখানা চত্বরে এসে পৌঁছলে কারখানারটির বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কারখানার কার্যব্যবস্থাপক মো. মমতাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মার্কিন রাষ্ট্রদূত রেলওয়ে কারখানায় ক্যারেজ শর্পে রাখা স্মৃতিময় ব্রিটেনের দ্বিতীয় রানি এলিজাবেথের ভারতবর্ষ ভ্রমণ করা ঐতিহাসিক রেলওয়ে প্রেসিডেন্ট সেলুন, রেলওয়ে কারখানার বিভিন্ন শপ, রেলওয়ে কারখানা জাদুঘরসহ ব্রিটিশদের নির্মিত বিভিন্ন স্থাপনা ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
পরে তিনি রেলওয়ে কারখানা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। এরপর রাষ্ট্রদূত সৈয়দপুর রেলওয়ে কারখানার সম্মেলন কক্ষে কিছু সময় অবস্থান নিয়ে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ্ সুফি নুর মোহাম্মদসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রেলওয়ে কারখানার পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বাংলাদেশ রেলওয়ের একটি রেপ্লিকা দেওয়া হয়।
পরে তিনি (রাষ্ট্রদূত) শহরের সাহেবপাড়াস্থ ঐতিহাসিক খ্রিস্টানদের ক্যাথলিক গির্জা, ইসলামবাগ এলাকায় অবস্থিত খ্রিস্টান কবরস্থান ও তৎসংলগ্ন ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর চিনি মসজিদ পরিদর্শন করেন।
মার্কিন রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উত্তরবঙ্গের মানুষজন খুবই অতিথিপরায়ণ। তাদের এমন উৎসাহে আমি অভিভূত।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়েতে আমার জীবনের প্রথম ভ্রমণ সম্পন্ন করলাম। এটি একটি চমৎকার সফর ছিল। আমি ট্রেনে ভ্রমণ করতে খুবই ভালোবাসি এবং বিশ্বের নানা দেশে আমি ট্রেনে ভ্রমণ করেছি।
ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র শুরু থেকেই বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যুক্ত রয়েছে। তাই বাংলাদেশ রেলওয়ের সব ধরনের উন্নয়নে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানান তিনি।














