ফিফা আসিয়ান কাপে ভারতের জায়গায় বাংলাদেশ
- Update Time : 02:20:40 pm, Friday, 14 August 2026
- / 3 Time View
প্রথম ফিফা আসিয়ান কাপ থেকে ভারত নাম প্রত্যাহার করে নেওয়ার পরই মর্যাদার এই টুর্নামেন্টে বাংলাদেশের খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। বাফুফে আগেই আসিয়ানকে চিঠি দিয়ে অনুরোধ করে রেখেছিল সুযোগ আসলে যেন বাংলাদেশকে নেওয়া হয়। ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর আসিয়ান থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।
আমন্ত্রণ পাওয়ার পরই জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির জরুরী অনলাইন সভা ডেকেছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। বুধবার বিকেলে হওয়া এই জরুরী সভায় সর্বসম্মতিক্রমে আসিয়ানে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ সেপ্টেম্বর উইন্ডোতে হামজাদের জন্য ফিফা ফ্রেন্ডলি খেলার যে চেষ্টা করছিল, সেই পরিকল্পনা থেকে এখন সরে আসতে হবে।
জানিয়েছেন, একটি এজেন্ডা নিয়েই আমরা অনলাইন সভা করেছি। আমরা চার জাতি টুর্নামেন্ট আয়োজন করবো নাকি আসিয়ান কাপ খেলবো? এই এজেন্ডায় সবাই আসিয়ান কাপে খেলার পক্ষে মত দেন।
আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে ‘এ’ গ্রুপে ভারত ছিল সিঙ্গাপুর, মালয়েশিয়া ও স্বাগতিক ইন্দোনেশিয়ার সাথে। ভারতের জায়গায় বাংলাদেশ অন্তর্ভূক্ত হলে গ্রুপিং এভাবেই থাকবে নাকি নতুন করে করবে সেটাই দেখার বিষয়। প্রিমিয়ার ডিভিশনে ‘বি’ গ্রুপের চার দল হচ্ছে-ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন।
পাকিস্তান এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে চীন নাম প্রত্যাহার করায়। শুরুতে আসিয়ান টুর্নামেন্টে দক্ষিণ এশিয়া থেকে শুধু ভারতকে অতিথি দল হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল। নিজেদের মাটিতে ব্রাজিলের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ থাকায় ভারত আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ১৪টি দেশ নিয়ে দুই বিভাগে এবং দুই ভেন্যুতে হবে ফিফা আসিয়ান কাপ। ইন্দোনেশিয়ায় হবে প্রিমিয়ার ডিভিশন এবং হংকংয়ে হবে চ্যালেঞ্জ ডিভিশন। চ্যালেঞ্জ ডিভিশনে দুই গ্রুপে খেলবে হংকং, মিয়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস ও পূর্ব তিমুর।















