গোলাপগঞ্জে ইমামকে গলা কেটে হত্যার চেষ্টা: টহলে সেনাবাহিনী
- Update Time : 04:32:53 pm, Wednesday, 11 March 2026
- / 82 Time View
সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ইফতারের দাওয়াত প্রত্যাখ্যান করায় একটি মসজিদের ইমামকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। আজ বুধবার উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ইয়াগুল গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত ইমামকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াগুল গ্রামের একটি আওয়ামী লীগ নেতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিগত সরকারের আমলে এলাকায় জুলুম-নির্যাতনের অভিযোগ ছিল। গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই পরিবারটিকে সামাজিকভাবে ‘একঘরে’ করে রাখে।
বুধবার ওই পরিবারটি বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করে এবং ইয়াগুল জামে মসজিদের ইমামকে দাওয়াত দেয়। কিন্তু গ্রামবাসীর সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ইমাম সাহেব সেই দাওয়াত বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইফতারের আগমুহূর্তে ওই পরিবারের সদস্যরা ইমামের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করে।

ইমামের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ গ্রামবাসী ওই আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে ঘটনাস্থলে সেনাবাহিনী তলব করা হয়। বর্তমানে সেনাবাহিনী এলাকায় টহল দিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
আহত ইমামের অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পলাতক রয়েছে।
এলাকাবাসী এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসকাগজ/আরডি
























