রাড্ডা কার্যালয় ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ৯ : ডিএমপি
- Update Time : 05:28:37 am, Sunday, 27 September 2026
- / 6 Time View
রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সেখান থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার ডিএমপি মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার আখতার হোসেন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় বলা হয়, স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি।
গত বৃহস্পতিবার গভীররাতে ভারী যন্ত্রপাতি দিয়ে রাড্ডা এমসিএইচের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’র সাইনবোর্ড টানিয়ে দিয়ে চলে যান। এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা করেন রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার।
মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ৫০ বছর ধরে গরিব, অসহায় মা ও শিশুদের জন্য বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে বলে প্রতিষ্ঠানটির ভাষ্য।









