বিএনপি বামের ডানে, ডানের বামে মধ্যম পন্থার রাজনৈতিক দল : আইনমন্ত্রী
- Update Time : 01:16:27 pm, Thursday, 17 September 2026
- / 16 Time View
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা ধর্মহীনতার বিরুদ্ধে কথা বলে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলে। বিএনপি বামের ডানে, ডানের বামে মধ্যম পন্থার রাজনৈতিক দল।
যে দল লাল সবুজের পতাকা ও সবুজ পাসপোর্টের ধারক বাহক এবং মূল্যায়ন করতে সব সময় বদ্ধপরিকর।
আজ বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ধর্ম নিয়ে ব্যবসা করতে চাই না। ধর্ম আমার বিশ্বাসের জায়গা, ধর্ম আমার শ্রদ্ধার জায়গা, ধর্ম আমার ইহকাল-পরকালের জায়গা।
কিন্তু সেই ধর্ম রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে এসে মানুষের রক্তপাত আমরা ঘটাতে চাই না।’
আইনজীবীদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, ‘আপনারা (আইনজীবীরা) এখানে অনেক মুসলিম সমাজের আইনজীবী আছেন, হিন্দু সমাজের আইনজীবী আছেন, কেউ কেউ খ্রিস্টান সমাজের আইনজীবী আছেন। কিন্তু যখন আপনি আদালতের সামনে দাঁড়ান, তখন আপনার পরিচয় কিন্তু মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা হিন্দু নয়। তখন আপনি কালো কোর্ট পরা একজন আইনজীবী।
তিনি বলেন, ‘একটি সাম্প্রদায়িকতাহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ক্ষেত্রমতো যেখানে যেরকম আচরণ করা প্রয়োজন আমরা সে ধরনের আচরণ করব।’
তিনি আরো উল্লেখ করেন, ‘সব সম্প্রদায়ের সহাবস্থানের ভিত্তিতে যে ধরনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব, আমরা সেটি নিয়ে এগিয়ে যাব। যে বাংলাদেশে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ভূমি হিসেবে গড়ে যেতে পারব।’
অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান।





