বিদেশে বসে কলকাঠি নাড়ছেন হানিফ ও কামারুল আরেফিন
- Update Time : 01:49:46 pm, Tuesday, 16 June 2026
- / 12 Time View
সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় কুষ্টিয়া আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সদরের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফ এবং মিরপুর ভেড়ামারার সাবেক এমপি কামারুল আরেফিনের ইন্ধনে কুষ্টিয়া অঞ্চলে আন্দোলন মুখর হচ্ছে আওয়ামী লীগ। বিদেশে বসে এই দুই নেতা কুষ্টিয়ার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সরকার বিরোধী মিছিল মিটিং করাচ্ছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
গত ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের মতো কুষ্টিয়া অঞ্চল থেকেও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন। আদালতে নির্দেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর সারা দেশে কোথাও আওয়ামী লীগের তেমন কোন কর্মসূচি চোখে পড়েনি। সম্প্রতি কুষ্টিয়া অঞ্চলে আওয়ামী লীগের কয়েকটি অঙ্গ সংগঠনের বিশেষ করে কুষ্টিয়া সদর থানা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। গত কয়েকদিনে কুষ্টিয়া সদরের হাউজিং এ, সদর উপজেলায়, মিরপুর ও ভেড়ামারাতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেছে। বিভিন্ন অনলাইন মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় সে বিক্ষোভ মিছিলের ছবি এসেছে। এই ঘটনায় প্রশাসন জোরালো ভুমিকা রেখে মিরপুর ও ভেড়ামারা থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে। তারপরও কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গোপন বৈঠক করছেন, দলকে শক্তিশালী করার জন্য বিভিন্ন রকম কর্মসূচি হাতে নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়া অঞ্চলের আওয়ামী লীগকে সংগঠিত করে সরকার বিরোধী বড় ধরনের আন্দোলন সংগ্রাম করার জন্য নেতৃত্ব দিচ্ছেন কুষ্টিয়া সদরের সাবেক এমপি আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং মিরপুর ভেড়ামারার এমপি কামরুল আরেফিন। বিদেশে বসে এই দুই নেতা কুষ্টিয়ার নেতাকর্মীদের সব রকমের সহযোগিতা করছেন। একটি সূত্র জানিয়েছে, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী কুষ্টিয়ার নেতাকর্মীদের সব রকমের আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে বিদেশ থেকে ওই দুই নেতার মাধ্যমে। একইসঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীরা জেলে রয়েছেন, আত্মগোপনে থাকা নেতাকর্মীদের যেসব পরিবার আর্থিক অনটনে রয়েছেন, তাদেরকেও আর্থিক সহযোগিতা করছেন হানিফ ও কামারুল। কুষ্টিয়া শহর কয়েকটি জেলখানার সূত্র থেকে জানা গেছে, ওই দুই নেতার মাধ্যমে জেলখানার অবস্থানরত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কে প্রতিনিয়ত টাকা পাঠানো হয়, তাদের মামলা পরিচালনা করার জন্য নিয়মিত দেখভাল ও আর্থিক সহযোগিতা করেন ওই দুই নেতা।
বর্তমানে কুষ্টিয়া অঞ্চলের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার জন্য বিদেশে বসে ওই দুই নেতা কলকাঠি নাড়ছেন। কুষ্টিয়া পুলিশ প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, তাদের কাছেও তথ্য আছে বিদেশ থেকে অর্থ পাঠিয়ে, নানান রকম ইন্ধন দিয়ে কুষ্টিয়া অঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার কাজ চলছে। কুষ্টিয়া পুলিশ এ বিষয়ে সজাগ রয়েছে, কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে জানা গেছে।




















