শিল্পে সংকট আরও ঘনীভূত, কমেছে উৎপাদন-নিয়োগ-বিনিয়োগ
- Update Time : 06:03:00 am, Wednesday, 25 November 2026
- / 10 Time View
বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, উচ্চ সুদহার, কাঁচামালের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় এবং ব্যাংকিং খাতের নানা জটিলতায় চাপে পড়েছে দেশের মাঝারি ও বৃহৎ শিল্প-কারখানা। উৎপাদন সক্ষমতার বড় অংশ অব্যবহৃত থাকার পাশাপাশি নতুন বিনিয়োগ, যন্ত্রপাতি কেনা ও কর্মী নিয়োগেও দেখা দিয়েছে বড় ধরনের মন্দা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এক বছরের ব্যবধানে জরিপভুক্ত কারখানাগুলোতে মূলধনী যন্ত্রপাতি কেনার গড় ব্যয় প্রায় ৯৪ শতাংশ কমে গেছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে পরিচালিত ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০’ সূচকের প্রথম রাউন্ডের জরিপে শিল্প খাতের এমন চিত্র উঠে এসেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস সম্মেলন কক্ষে জরিপের ফল প্রকাশ করা হয়।
জরিপে ১৪টি প্রধান শিল্প খাতের ১৩০টি মাঝারি ও বৃহৎ কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব কারখানা দেশের মাঝারি ও বৃহৎ শিল্প উৎপাদনের প্রায় ৯০ শতাংশের প্রতিনিধিত্ব করে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, ইস্পাত, চামড়া, খাদ্য প্রক্রিয়াকরণ, অটোমোবাইল, পাটসহ বিভিন্ন খাত এতে অন্তর্ভুক্ত ছিল।
জরিপের সবচেয়ে উদ্বেগজনক তথ্যগুলোর একটি হলো মূলধনী যন্ত্রপাতিতে ব্যয় কমে যাওয়া। ২০২৫ সালের গড় ত্রৈমাসিকে কারখানাপ্রতি মূলধনী যন্ত্রপাতি কেনার ব্যয় ছিল ১ কোটি ৭৬ লাখ টাকা। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তা নেমে এসেছে মাত্র ১১ লাখ টাকায়। অর্থাৎ জরিপভুক্ত কারখানাগুলোর গড় ত্রৈমাসিক যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ।
ওষুধ ও রাসায়নিক খাত ছাড়া প্রায় সব শিল্প খাতেই এ ব্যয় কমেছে। তবে এ হিসাবকে দেশের মোট শিল্প বিনিয়োগ ৯৪ শতাংশ কমে যাওয়ার হিসাব হিসেবে দেখার সুযোগ নেই। এটি শুধু জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর গড় ত্রৈমাসিক মূলধনী যন্ত্রপাতি কেনার ব্যয়ের তুলনা। কোনো কারখানা ওই সময়ে যন্ত্রপাতি না কিনলে তার ব্যয় শূন্য হিসেবে ধরা হয়েছে।
উদ্যোক্তাদের এ সতর্কতার পেছনে বড় কারণ বিদ্যমান উৎপাদন সক্ষমতারই পূর্ণ ব্যবহার না হওয়া। নতুন কারখানা বা যন্ত্রপাতিতে বিনিয়োগ করলেও উৎপাদন বাড়ানোর সুযোগ কতটা থাকবে—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রকৃত শিল্প উৎপাদন আগের বছরের গড় ত্রৈমাসিকের তুলনায় দশমিক ৪ শতাংশ কমেছে। একই সময়ে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ব্যবহারের হার ৬৭ শতাংশ থেকে সামান্য কমে ৬৬ শতাংশে নেমেছে। অর্থাৎ বিদ্যমান সক্ষমতার প্রায় ৩৪ শতাংশই অব্যবহৃত থাকছে।
সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করছে—এমন কারখানার সংখ্যা ১৯ থেকে বেড়ে ২৮টিতে দাঁড়িয়েছে। বস্ত্র খাতে পরিস্থিতি আরও খারাপ। এ খাতে সক্ষমতা ব্যবহারের হার ২০২৫ সালের ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে নেমেছে। একই সময়ে বস্ত্র উৎপাদন কমেছে ২০ শতাংশ।
তবে সব শিল্পে একই চিত্র দেখা যায়নি। এপ্রিল-জুন প্রান্তিকে অটোমোবাইল শিল্পে উৎপাদন বেড়েছে ২২ শতাংশ, পাটে ১৩ শতাংশ এবং তৈরি পোশাকে ২ শতাংশ। বিপরীতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস খাতে উৎপাদন কমেছে ১২ শতাংশ এবং খাদ্য প্রক্রিয়াকরণে ৯ শতাংশ।
শিল্পের বর্তমান দুরবস্থার অন্যতম প্রধান কারণ জ্বালানি সংকট। জরিপে অংশ নেওয়া ৯৩ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকে ব্যবসার প্রধান তিনটি বাধার একটি হিসেবে চিহ্নিত করেছে। ৭৯ শতাংশ কারখানার কাছে এটি সবচেয়ে বড় সমস্যা।
২০২৫ সালে কারখানাগুলোতে গ্রিড বিদ্যুৎ সরবরাহ দৈনিক গড়ে ২ ঘণ্টা বিঘ্নিত হতো। চলতি বছরের এপ্রিল-জুনে এ বিঘ্ন বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ১ ঘণ্টায়। অর্থাৎ বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের সময় প্রায় দ্বিগুণ হয়েছে।
পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় দৈনিক গ্যাস সরবরাহে বিঘ্নের সময়ও বেড়েছে। ২০২৫ সালে যেখানে গড়ে দশমিক ৯ ঘণ্টা ছিল, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তা বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টায় দাঁড়িয়েছে।
জ্বালানি সরবরাহের পাশাপাশি এর মান নিয়েও উদ্যোক্তাদের অসন্তোষ বেড়েছে। গ্রিড বিদ্যুতের মানে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে মাত্র ৭ শতাংশে নেমেছে। গ্যাসের ক্ষেত্রে সন্তুষ্টির হার ৭০ শতাংশ থেকে কমে হয়েছে ১৭ শতাংশ।
বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি সামাল দিতে কারখানাগুলোকে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে এলপিজিতে ব্যয় বেড়েছে ২৫ শতাংশ, জেনারেটরের জ্বালানিতে ১৫ শতাংশ এবং গ্রিড বিদ্যুতে ৮ শতাংশ।
সব মিলিয়ে কারখানাপ্রতি ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৫ শতাংশ বেড়ে ৩৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ে এ ব্যয় ছিল ৩১৬ লাখ টাকা।
এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবহন ব্যয়। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কারখানাপ্রতি পণ্য পরিবহন ব্যয় ১০ শতাংশ বেড়ে ১ কোটি ১২ লাখ টাকায় দাঁড়িয়েছে। এতে মোট পরিচালন ব্যয়ও বেড়েছে।
তবে বন্দর ও কাস্টমস কার্যক্রমে কিছুটা উন্নতি হওয়ায় সমুদ্রবন্দর থেকে আমদানিকৃত কাঁচামাল খালাসের গড় সময় ১২ দশমিক ৪ দিন থেকে কমে ১০ দশমিক ৯ দিনে নেমেছে।
দেশের মাঝারি ও বৃহৎ শিল্পের মোট কাঁচামাল ব্যয়ের প্রায় ৭৭ শতাংশই আমদানিনির্ভর। ফলে ডলার, আমদানি ব্যয়, পরিবহন এবং সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে শিল্পের উৎপাদন ব্যয়ও সরাসরি ওঠানামা করছে।
জরিপে দেখা গেছে, একটি ক্রয়াদেশ পাওয়ার পর পণ্য সরবরাহ পর্যন্ত গড়ে ৬৫ দিন সময় লাগে। এর মধ্যে শুধু কাঁচামাল সংগ্রহেই ব্যয় হয় প্রায় ৩৫ দশমিক ৪ দিন।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কারখানাপ্রতি কাঁচামাল ব্যয় ৮৫ কোটি ৭০ লাখ টাকা থেকে বেড়ে ৮৭ কোটি ৬০ লাখ টাকায় দাঁড়িয়েছে। ৯৪ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের কাঁচামালের দাম গড়ে ১২ শতাংশ বেড়েছে।
অর্থাৎ উৎপাদন কমলেও ব্যয় কমছে না। বরং কাঁচামাল, জ্বালানি, পরিবহন ও অর্থায়নের ব্যয় একসঙ্গে বাড়ায় শিল্পপ্রতিষ্ঠানের মুনাফায় চাপ তৈরি হচ্ছে।
শিল্পের এই মন্থরতার প্রভাব পড়েছে কর্মসংস্থানে। জরিপভুক্ত ১৩০টি কারখানায় মোট কর্মীর সংখ্যা ১ শতাংশ কমে ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ জনে নেমেছে।
কারখানাপ্রতি নতুন কর্মী নিয়োগের গড় সংখ্যাও ১৯ শতাংশ কমেছে। ২০২৫ সালে যেখানে গড়ে ৩৯ জন নতুন কর্মী নিয়োগ করা হয়েছিল, চলতি সময়ে তা নেমে এসেছে ৩২ জনে।
জরিপ অনুযায়ী, ২০২৫ সালে এসব কারখানায় ১২ হাজার ৩৭৯ জন নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৭ সালে প্রায় ৭ হাজার ৬৯১ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।
শ্রমিকদের বোনাস ও অন্যান্য ভাতা বাদে গড় মাসিক মজুরি দাঁড়িয়েছে ২১ হাজার ২৬৩ টাকা। পুরুষ শ্রমিকদের গড় মজুরি ২৩ হাজার ৮৬১ টাকা এবং নারী শ্রমিকদের ১৮ হাজার ৮২০ টাকা।
উৎপাদন ও বিনিয়োগের পাশাপাশি ব্যবসায়িক মনোভাবের সূচকেও হতাশাজনক চিত্র উঠে এসেছে।
শূন্য থেকে ১০০-এর স্কেলে তৈরি সূচকে ৫০-কে অপরিবর্তিত পরিস্থিতির নির্দেশক ধরা হয়েছে। কিন্তু চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে উৎপাদন, মুনাফা, চাহিদা, প্রবৃদ্ধি ও সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি—সব কটি সূচকের মানই ৫০-এর নিচে রয়েছে।
মুনাফা সূচকের মান সবচেয়ে কম, ৩৬। প্রবৃদ্ধি সূচক ৩৭, উৎপাদন ৩৯, চাহিদা ৪৩ এবং সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি ৩৯।
জরিপে অংশ নেওয়া প্রায় ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের মুনাফা কমেছে।
জ্বালানি সংকটের পর ব্যবসার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উচ্চ সুদহার ও অর্থায়ন ব্যয় এবং কাঁচামাল সংগ্রহের সমস্যাকে ৩৭ শতাংশ করে কারখানা চিহ্নিত করেছে।
অর্থাৎ উদ্যোক্তাদের সামনে দ্বিমুখী চাপ তৈরি হয়েছে। একদিকে বিদ্যুৎ, গ্যাস, কাঁচামাল ও পরিবহন ব্যয় বাড়ছে; অন্যদিকে উচ্চ সুদহারের কারণে নতুন ঋণ নিয়ে বিনিয়োগ ও উৎপাদন সম্প্রসারণ কঠিন হয়ে পড়ছে।
ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকিং খাতে অনিয়মের পর অতিরিক্ত সতর্কতার কারণে প্রকৃত ব্যবসায়ীরাও ঋণ, ঋণপত্র খোলা এবং কাঁচামাল আমদানির ক্ষেত্রে সমস্যায় পড়ছেন।
দেশবন্ধু সিমেন্ট মিলসের প্রধান নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর প্রকৃত পরিস্থিতিও শিল্প জরিপে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তাঁর প্রতিষ্ঠানের ১২টি কোম্পানির কার্যক্রম আড়াই বছর ধরে বন্ধ থাকলেও কর্মীদের বেতন দেওয়া হচ্ছে। তাঁর মতে, এটি এক ধরনের প্রচ্ছন্ন বেকারত্ব। ব্যাংকিং সমস্যার কারণে অনেক প্রতিষ্ঠান ঋণপত্র খুলতে ও কাঁচামাল আমদানি করতে পারছে না।
বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, শিল্প খাতের প্রকৃত অবস্থা, উৎপাদন সক্ষমতা ও বিনিয়োগ পরিস্থিতি বুঝতে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই। দীর্ঘদিন ধরে দেশে একটি ম্যানুফ্যাকচারিং সূচকের প্রয়োজন ছিল। নিরপেক্ষ তথ্য থাকলে শিল্পের সমস্যা সরকারের কাছে তুলে ধরা এবং কার্যকর নীতি প্রণয়ন সহজ হবে।
বিআইডিএসের পরিচালক কাজী ইকবাল বলেন, একটি শিল্পপ্রতিষ্ঠানের অর্ডার পাওয়া থেকে পণ্য সরবরাহ পর্যন্ত গড়ে ৬৫ দিন সময় লাগে। এর মধ্যে কাঁচামাল সংগ্রহেই প্রায় ৩৫ দিন ব্যয় হয়। এ সময় কমানো গেলে উৎপাদনশীলতা বাড়বে। একই সঙ্গে নতুন কর্মী নিয়োগ কমে যাওয়া এবং গবেষণা ও উন্নয়ন খাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কম বিনিয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুরসহ ব্যবসায়ী প্রতিনিধিরাও জ্বালানি নিরাপত্তা ও ব্যাংকিং খাতের দুর্বলতা শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকার বিনিয়োগনির্ভর, উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী অর্থনীতি গড়ে তুলতে চায়। এ জন্য ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি জানান, জ্বালানি খাতে অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে। নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী এক বছরে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের উদ্যোগ এবং চলতি অর্থবছরে ৩০টি গ্যাসকূপ খননের পরিকল্পনাও রয়েছে। ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে ৯টি সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম অটোমেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে পুরো চিত্রই যে নেতিবাচক, তা নয়। জরিপে আগামী জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে উৎপাদন পরিস্থিতির কিছুটা উন্নতির প্রত্যাশা করা হয়েছে। এ সময়ে উৎপাদন সূচক ৩৯ থেকে বেড়ে ৫৪-তে উঠতে পারে বলে উদ্যোক্তাদের প্রত্যাশা।
তবে এ প্রত্যাশা বাস্তবে রূপ দিতে হলে জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা, ব্যাংকিং সুবিধা, ঋণের সুদহার, কাঁচামাল আমদানির জটিলতা এবং পরিবহন ব্যয়—সবগুলো ক্ষেত্রেই কার্যকর উন্নতি প্রয়োজন।
কারণ বর্তমানে শিল্প খাতের সংকট শুধু উৎপাদন কমে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে বিনিয়োগ, কর্মসংস্থান, মুনাফা ও ভবিষ্যৎ উৎপাদন সক্ষমতার ওপরও। মূলধনী যন্ত্রপাতিতে ৯৪ শতাংশ ব্যয় কমে যাওয়ার তথ্য তাই শিল্প খাতের জন্য শুধু একটি ত্রৈমাসিক পরিসংখ্যান নয়; বরং উদ্যোক্তাদের ভবিষ্যৎ বিনিয়োগ সিদ্ধান্তে অনিশ্চয়তার একটি বড় সংকেত।











