বালুর দাম বাড়ল প্রায় ৮৬ শতাংশ
- Update Time : 04:24:03 am, Thursday, 19 November 2026
- / 4 Time View
সরকারি নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণের নতুন দর অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সংশোধিত দরের তালিকায় মোটা বালুর দাম প্রায় ৮৬ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ২৪ শতাংশ বাড়ানো হয়েছে।
পাশাপাশি সিমেন্ট ও এক ধরনের রডের দামও বাড়ানো হয়েছে। তবে আমদানি করা পাথর এবং ৪২০ এমপিএ শক্তির রডের দাম কমানো হয়েছে।
গতকাল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ২০২২ সালের নির্মাণকাজের দরের তালিকা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নির্মাণ উপকরণের দর পুনর্নির্ধারণে গঠিত বিশেষ কমিটির সুপারিশ সভায় উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সভায় উপস্থিত সূত্র জানায়, আগের একনেক সভায় আরো যাচাই-বাছাইয়ের জন্য ফেরত পাঠানো সুপারিশগুলো সংক্ষিপ্ত আলোচনার পর অনুমোদন দেওয়া হয়।
কমিটির সুপারিশ অনুযায়ী, প্রতি ঘনমিটার মোটা বালুর দাম এক হাজার ৯০০ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার ৫৩০ টাকা করা হয়েছে। এতে দাম বেড়েছে ৮৫.৭৯ শতাংশ। প্রতি টন পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্টের দাম ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ৫০০ এমপিএ শক্তির রডের দাম প্রতি টন ৮৭ হাজার থেকে বাড়িয়ে ৮৯ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ৪২০ এমপিএ শক্তির রডের দাম ৯০ হাজার থেকে কমিয়ে ৮৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেলের দাম বেড়েছে ২৩.৮৫ শতাংশ।
আমদানি করা পাথরের দাম প্রতি ঘনমিটার আট হাজার ৪০০ টাকা থেকে কমিয়ে সাত হাজার ৯৪৯ টাকা করা হয়েছে। আর উৎস পর্যায়ে মধ্যপাড়া গ্রানাইট পাথরের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৬৯৬ টাকা।
কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বালুর দাম বাড়ার পেছনে উৎস পর্যায়ে সরবরাহ সীমাবদ্ধতা, ডিজেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহনপথে অনিয়মের কারণে অতিরিক্ত অর্থ আদায়ের ভূমিকা রয়েছে। উৎস পর্যায়ে প্রতি ঘনফুট মোটা বালুর দাম ১৭ থেকে ২০ টাকা। কিন্তু পরিবহন, ওঠানো-নামানোর খরচ বাবদ ব্যয় হয় ৭০ থেকে ৭৫ টাকা। অর্থাৎ সরবরাহ পর্যায়ে বালুর মোট দামের প্রায় দুই-তৃতীয়াংশই পরিবহন ও সংশ্লিষ্ট খরচ।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশের নির্মাণকাজে ব্যবহৃত পাথরের চাহিদার প্রায় ৯৫ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ হয়। শুল্ক, বন্দরের খরচ, অভ্যন্তরীণ পরিবহন এবং ব্যবসায়ীদের মুনাফার কারণে আমদানি করা পাথরের দাম বেড়ে যায়। এ ছাড়া ডলারের বিনিময় হার ও জাহাজভাড়ার ওঠানামা আমদানি করা ক্লিংকার ও বিটুমিনের দামে প্রভাব ফেলে। বিদ্যুতের মূল্যবৃদ্ধিও সিমেন্ট ও ইস্পাত উৎপাদনের খরচ বাড়ায়।
নির্মাণ ব্যয় নিয়ন্ত্রণে কমিটি পাথর, ইস্পাত ও বাল্ক বিটুমিনের শুল্ককর পর্যালোচনা, রেল ও নৌপথে পরিবহন বাড়ানো এবং পরিবহনপথে অনিয়ম বন্ধের সুপারিশ করেছে। পাশাপাশি মধ্যপাড়া পাথরের ব্যবহার বাড়ানো, মানসম্মত দেশীয় নির্মাণ উপকরণ ব্যবহারে উৎসাহ দেওয়া এবং বাজার তদারকি জোরদারের প্রস্তাব দেওয়া হয়েছে।
কমিটি নির্মাণ উপকরণ, যন্ত্রপাতি ও শ্রমের জন্য অভিন্ন মূল দর নির্ধারণের সুপারিশ করেছে। তবে অঞ্চলভেদে প্রয়োজনীয় সমন্বয় করা যাবে। দরতালিকা প্রতিবছর পর্যালোচনা করে অনলাইনে প্রকাশ এবং প্রতি তিন বছর পর পুরো দরতালিকা সংশোধনের প্রস্তাবও দিয়েছে কমিটি।
উল্লেখ্য, একটি হাসপাতাল নির্মাণ প্রকল্পে প্রতি বর্গফুটে চার হাজার ১৫২ টাকা ব্যয় প্রস্তাব নিয়ে প্রশ্ন ওঠার পর গত ১৩ মে বিশেষ কমিটি গঠন করে একনেক। এক হাজার ৩২৯ কোটি ৫৩ লাখ টাকার ওই প্রকল্পের নির্মাণ ব্যয় যৌক্তিক করতে উপকরণের দরতালিকা হালনাগাদ করে নতুন করে প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।








