ঢাকার ৭ রুটে নামছে ৮৬১ বাস
- Update Time : 09:34:06 am, Sunday, 1 November 2026
- / 9 Time View
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট র্যাশনালাইজেশন কার্যক্রমের আওতায় সাতটি রুটে কম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সাতটি পরিবহন কম্পানির অধীনে এসব রুটে চলবে ৮৬১টি বাস।
রুটগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ২০০ কিলোমিটার।
রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তালিকা অনুযায়ী, রুটগুলো হলো গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুর, টঙ্গী থেকে আজিমপুর, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জের চুনকুটিয়া, ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার, ঘাটারচর থেকে চিটাগাং রোড-কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর এবং মিরপুর-১ থেকে কাকলী-বনানী সার্কুলার রুট।
এসব রুটে ভিআইপি সিটি পরিবহনের ২৫৩টি, ঢাকা সিটি পরিবহনের ২০টি, চিড়িয়াখানা সিটি পরিবহনের ১৩৩টি, রমজান আলী সিটি পরিবহনের ৮০টি, থ্রি স্টার সিটি পরিবহনের ১২০টি, পি. পি. বি. সিটি পরিবহনের ২২৫টি এবং ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের ৩০টি বাস চলাচল করবে।
এসব রুটে এসি ও নন-এসি বাস থাকবে।
নতুন ব্যবস্থায় বাসের সামনে-পেছনে ডিজিটাল বোর্ডে রুট নম্বর, গন্তব্য ও গাড়ির ক্রমিক নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো-নামানো, অতিরিক্ত যাত্রী বহন এবং নিয়মবহির্ভূত ওভারটেকিং করা যাবে না। চালক ও সহকারীদের পরিচ্ছন্ন পোশাক পরা এবং যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিমুল বিশ্বাস বলেন, ঢাকার ৩২টি রুটে পর্যায়ক্রমে এ ব্যবস্থা চালু করা হবে। প্রতিটি রুটের বাসে আলাদা রং ও শৃঙ্খলা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
