কুষ্টিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৪২
৪০ মিনিটে কুকুরের কামড়ে হাসপাতালে ২৬
- Update Time : 02:26:30 am, Thursday, 8 October 2026
- / 22 Time View
কেউ যাচ্ছিলেন বাসায়, কেউবা ঘুরছিলেন রাস্তায়। এমন সময় একটি পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৪২ জন আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কুমারখালী শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় লোকজন, হাসপাতাল ও আহত ব্যক্তিদের স্বজনরা জানান, সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারীদের কামড় দেয় একটি পাগলা কুকুর। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, কুকুরের কামড়ে আহতদের মধ্যে এখন পর্যন্ত ১৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষের নির্দেশে জলাতঙ্কের টিকা দেওয়া হচ্ছে। অন্য আহতরা হাসপাতালে এলে তাদেরও প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা দেওয়া হবে।
সন্ধ্যায় হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, কুকুরের কামড় বা আঁচড়ের ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে।
আহত রোকন নামের এক ব্যক্তি বলেন, ‘শহরের হলবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলাম। পেছন থেকে একটি পাগলা কুকুর হাঁটুতে কামড় দিয়ে দৌড়ে চলে যায়।’
স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, ‘সন্ধ্যায় হাসপাতালে এসে দেখি বিভিন্ন জায়গা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে রোগীরা আসছেন। দ্রুত কুকুরটি শনাক্ত করা না গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাভিদ সারওয়ার মুঠোফোনে বলেন, ‘খবর শুনে হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য বলা হয়েছে। কুকুরটি আটক করতে প্রশাসন কাজ করছে।’












