আন্ত জেলা চোর চক্রের ৫ নারী সদস্য গ্রেপ্তার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার
- Update Time : 01:01:00 pm, Wednesday, 30 September 2026
- / 4 Time View
কুমিল্লায় আন্ত জেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ১৩টি মোবাইল ফোন এবং চোরাই মালামাল বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) এবং হবিগঞ্জ জেলার বাসিন্দা ফাহিমা আক্তার (১৯)।
এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জনবহুল বাজার ও বড় বড় বিপণিবিতানগুলোতে নারী চোর চক্রের সদস্যরা ছদ্মবেশে সক্রিয় হচ্ছে—এমন গোপন সংবাদ পাওয়া যায়।
চক্রটি কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতাদের ভিড়ের সুযোগ নিয়ে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিত। এমনকি অপরাধ সংঘটনের সুবিধার্থে তারা সুনির্দিষ্ট এলাকায় সাময়িকভাবে বাসা ভাড়া নিয়ে অবস্থান করত।
তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে আন্ত জেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সদস্য।
দেশের বিভিন্ন জেলার থানায় তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।