বিশ্ব পর্যটন দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি
- Update Time : 11:09:53 am, Sunday, 27 September 2026
- / 72 Time View
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে সক্রিয়ভাবে অংশ নেয় কুমিল্লা ট্যুরিজম কমিউনিটি।
পর্যটন শিল্পের সম্ভাবনা, বিকাশ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র্যালিতে বিভিন্ন ট্রাভেল গ্রুপ, ভ্রমণপ্রেমী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় কুমিল্লার পর্যটন সম্ভাবনাকে তুলে ধরা এবং স্থানীয় পর্যটন খাতের উন্নয়নে সম্মিলিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কুমিল্লা ট্যুরিজম কমিউনিটির সভাপতি আহমেদ রবিন বলেন, ‘কুমিল্লার রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্য। এসব পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার কুমিল্লার পর্যটনকে আরও বিস্তৃতভাবে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লা ট্যুরিজম কমিউনিটি বিভিন্ন ট্রাভেল গ্রুপ, ভ্রমণপ্রেমী ও পর্যটনসংশ্লিষ্টদের এক প্ল্যাটফর্মে নিয়ে পর্যটন উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতেও কুমিল্লার পর্যটন সম্ভাবনা তুলে ধরতে এবং পর্যটনবান্ধব পরিবেশ তৈরিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে পর্যটন খাতকে আরও আধুনিক, সহজলভ্য ও টেকসই করার বিষয়টি এবারের প্রতিপাদ্যে গুরুত্ব পেয়েছে।
কুমিল্লার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতের বিকাশে সরকারি-বেসরকারি পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এসকাগজ/আরডি














