‘কমপ্লিট শাটডাউন’ চুয়েট, ক্লাস-পরীক্ষা বন্ধ
- Update Time : 09:35:27 am, Tuesday, 22 September 2026
- / 6 Time View
সদ্যঃসাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এরপর তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন।
ফলে আজ মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম।
এর আগে সোমবার রাত থেকে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম।
দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় গতকাল সোমবার তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এদিকে সদ্যঃসাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক হুমায়ুন কবির জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সভার মাধ্যমে সদ্যঃসাবেক উপাচার্যকে আবারও বহালের দাবি জানানো হয়েছে।
গতকালের মিছিলে শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’সহ বিভিন্ন স্লোগান দেন।







