রাজধানীতে এসি সার্ভিসিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
- Update Time : 03:21:36 pm, Saturday, 12 September 2026
- / 14 Time View
রাজধানীর সূত্রাপুরের লক্ষ্মীবাজার এলাকায় একটি বাসায় এসি সার্ভিসিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আজিজুল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের আরিফ শেখের ছেলে। তিনি পেশায় এসি ইলেকট্রিশিয়ান ছিলেন। বর্তমানে সূত্রাপুরের কুলুটোলা এলাকায় থাকতেন।
সেখানে তার এসি সার্ভিসিংয়ের একটি দোকান রয়েছে।
নিহতের চাচা বাদল জানান, আজিজুল আজ লক্ষ্মীবাজারের একটি বাসায় এসি সার্ভিসিংয়ের কাজ করতে যান। তার সঙ্গে আরো একজন সহকর্মী ছিলেন। কাজ করার সময় আজিজুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একতলার ছাদের ওপর পড়ে যান।
ওই সময় তার সহকর্মী নামাজ পড়তে গিয়েছিলেন। ফিরে এসে তিনি আজিজুলকে ছাদের ওপর পড়ে থাকতে দেখেন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।