মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
- Update Time : 12:25:38 pm, Thursday, 10 September 2026
- / 2 Time View
রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে বনানী, গুলশান, তেজগাঁও ও সাতরাস্তা সড়ক পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
মহাখালী এলাকায় কর্তব্যরত পুলিশের সার্জেন্ট বেলাল হোসেন বলেন, মহাখালী টার্মিনালের সামনে দুই পাশ বন্ধ করে রেখেছেন শ্রমিকরা। এ কারণে পুরো এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
সম্প্রতি মহাখালীতে অলস পড়ে থাকা বাস পূর্বাচলে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে পুলিশ।
এ নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। সেই অসন্তোষ থেকে সড়ক অবরোধে নামার কথা বলেছেন পরিবহন শ্রমিকরা।
নিজেকে বাসচালক পরিচয় দিয়ে কামরুল হাসান নামে এক বাসচালক বলেন, টার্মিনালের বাইরে গাড়ি পাইলেই পুলিশ ডাম্পিং করতেছে, রেকার বিল ধরিয়ে দিচ্ছে। তার ভাষ্য, পূর্বাচলে যেখানে তাদের বাস রাখতে বলা হচ্ছে সেখানে যথাযথ নিরাপত্তা নেই।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়কে যান চলাচল সুষ্ঠু, স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে পুলিশ বাস ডাম্পিং করার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন।