স্বামীর অনুপস্থিতিতে গলায় ফাঁস; ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত
পটিয়ায় ভবনের ৫ম তলা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যা বলে ধারণা
- Update Time : 05:49:50 pm, Thursday, 12 March 2026
- / 113 Time View
চট্টগ্রামের পটিয়ায় একটি ভবনের পঞ্চম তলা থেকে জান্নাতুল ফেরদৌস সুমাইয়া নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) মাগরিবের পর উপজেলার মাজার গেইট পার্টি সেন্টার ক্লাবের সামনে থ্রী-স্টার টাওয়ারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভবনের পঞ্চম তলায় স্বামী-স্ত্রী ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার সময় বাসায় স্বামী না থাকায় একাই ছিলেন সুমাইয়া। এ সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ভবনের বাসিন্দারা জানান, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ভাড়া বাসার মালিক জাকির সওদাগর জানান, “গৃহবধূর মরদেহ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আমার ছেলে প্রথমে দেখতে পায় এবং আমাকে জানায়। পরে আমি পুলিশকে খবর দিই। পুলিশ এসে গৃহবধূর পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাসার দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাংসারিক জীবনের বিভিন্ন সমস্যার কারণে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে তিনি এমন পথ বেছে নিতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এসকাগজ/আরডি




















