নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব
- Update Time : 12:36:33 pm, Tuesday, 24 November 2026
- / 8 Time View
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধন করে গুরুতর অনিয়মের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানার বিধান যুক্ত করার প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। একই সঙ্গে আদায় করা জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ প্রস্তাবের কথা জানানো হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে খাদ্যমন্ত্রী ও কমিটির সদস্য আফরোজা খানম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।
তিনি বলেন, ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
এ জন্য বিদ্যমান আইন আরও কঠোর করা এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও উল্লেখ করেন তিনি।
খাদ্যমন্ত্রী ধান সংগ্রহের ক্ষেত্রে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার ওপর গুরুত্ব দেন। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বৈঠকে কমিটির সভাপতি বলেন, সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবেলা করতে হবে। কৃষক ও ভোক্তাদের অধিকার এবং ন্যায্য স্বার্থ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
বৈঠকে জানানো হয়, দেশের খাদ্যগুদামগুলোর ধারণক্ষমতা বর্তমানের ২২ লাখ ৯৩ হাজার টন থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে দেশের খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করেছে কমিটি। পুরোনো ও ব্যবহারের অনুপযোগী খাদ্যগুদাম সরেজমিনে পরিদর্শন করে সেগুলো বাতিল এবং প্রয়োজনে নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়।
খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে শস্যের সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং যান্ত্রিক বায়ু চলাচলব্যবস্থা (মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেম) স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া গুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
বৈঠকে আরো জানানো হয়, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বিশৃঙ্খলা এড়াতে সংশোধিত নীতিমালায় ডিলার নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়মে প্রতি ৫০০ উপকারভোগীর জন্য একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও এখন প্রতি ২৫০ জনের বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান করা হয়েছে।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচিতে শ্রমিকদের কাছে প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রি করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকের মাধ্যমে প্রতি শুক্রবার এ চাল বিক্রি করা হচ্ছে।
বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি প্রথম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সংসদ সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









