ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তায় প্রায় ৩ কোটি টাকা অনুদান দিয়েছেন নেইমার
- Update Time : 08:32:17 am, Monday, 29 June 2026
- / 29 Time View
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। দেশটির জরুরি উদ্ধার কার্যক্রম ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম ‘এল সুমারিও’ এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, অনুদানের অর্থ দিয়ে দুর্গত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হবে। ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে অর্থটি ব্যয় করা হবে।নেইমার বলেন, “ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।”গত বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন এবং ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৩ হাজার ১৪২টি পরিবার।এখনও ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে ভারী উদ্ধারযন্ত্রের সংকট এবং একের পর এক আফটারশকের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।অন্যদিকে, চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফিরছেন নেইমার। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তারকা ফরোয়ার্ডের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে খেলার পর এবার জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে তিনি আগের চেয়ে বেশি সময় মাঠে থাকার মতো অবস্থায় রয়েছেন।
এসকাগজ/আরডি



















