স্বাস্থ্য সনদ ছাড়া নেই প্রয়োজনীয় কোনো কাগজপত্র; প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
হাটহাজারীতে বিএসটিআই অনুমোদনহীন ‘অনিক ফুডস’ : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি
- Update Time : 03:30:57 pm, Thursday, 2 April 2026
- / 157 Time View
চট্টগ্রামের হাটহাজারীতে ‘অনিক ফুডস’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের গুরুতর অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে কোনো ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই চানাচুরসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে। সচেতন মহলের মতে, এভাবে উৎপাদিত খাদ্যপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উৎপাদিত এসব খাদ্যপণ্য প্যাকেটজাত করে হাটহাজারীর বিভিন্ন মেলায় সরবরাহ করা হচ্ছে। ফলে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ এসব পণ্য গ্রহণ করে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিষ্ঠানটির শুধুমাত্র একটি স্বাস্থ্য সনদ থাকলেও নেই কোনো ট্রেড লাইসেন্স, বিএসটিআই অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র। তবুও দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনেই প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কারখানা গড়ে ওঠায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আশীষ সীমান্ত বলেন,
“আমরা অনেক বছর ধরে এই প্রতিষ্ঠান পরিচালনা করছি। আমাদের বিএসটিআই অনুমোদন বা অন্যান্য সনদ নেই।”
স্বাস্থ্য সনদ প্রদানকারী সংশ্লিষ্ট স্যানিটারি কর্মকর্তা ওমর ফারুকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।
অন্যদিকে, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,
“আমাদের কাছে আবেদন এলে উপজেলা স্যানিটারি কর্মকর্তা পরিদর্শন করে স্বাস্থ্য সনদ প্রদান করেন। যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকাগজ/আরডি



















